প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীদের এক ছাতার আওতায় আনার উদ্যোগ: প্রতিমন্ত্রী

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা সরবরাহ পর্যায়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে অর্থ দাবি করার ঘটনাও ঘটছে, যা দুর্নীতির শামিল। তিনি বলেন, ভাতা সরবরাহ কার্যক্রমকে যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে আনার চেষ্টা করা হবে।
ফারজানা শারমীন আরও জানান, সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। ধাপে ধাপে সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় একদিকে যেমন অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, অন্যদিকে প্রকৃত সুবিধাভোগীরা যেন উপকৃত হন, সেটিও নিশ্চিত করতে হবে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভাতাপ্রাপ্তদের বিদ্যমান তালিকা যাচাই করা হচ্ছে। অতীতে তালিকা প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব অনিয়ম হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে নীতিমালা সংশোধনের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগ ছিল। বর্তমান সরকার যাচাই-বাছাই করে ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত ব্যক্তিদের তালিকাভুক্ত করতে কাজ শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭