প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১৩, নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও ৯ পুলিশ কর্মকর্তা

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী এবং নয়জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
রোববার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালানো হলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সী সন্তান রয়েছে।
আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ওই নারী যমজ সন্তানের গর্ভধারণ করেছিলেন।
প্রতিবেশী মাহমুদ আল-মুহতাসেব জানান, তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তার ভাষ্য, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এটি চালানো হয়।
এদিকে, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ-জাওয়াইদা শহরের প্রবেশপথে দক্ষিণ-উত্তর ফিলাডেলফি করিডোর এলাকায় একটি পুলিশবাহী গাড়িতেও হামলা হয়েছে। এতে মধ্য গাজার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল আইয়াদ আবু ইউসুফসহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন।
তবে এ দুই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭