প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
উত্তরায় রিকশাচালককে মারধরের অভিযোগে শপিং কমপ্লেক্স ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশাচালকরা একটি শপিং কমপ্লেক্স ঘেরাও করেছেন। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে তারা হট্টগোল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া হলে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ ধাওয়া-পাল্টা ধাওয়া রাত ৪টা পর্যন্ত চলে। ঘটনাটি ঘটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভবনটির নিরাপত্তাকর্মীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। খবরটি দ্রুত অন্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন এবং ভবনে ভাঙচুরের চেষ্টাও চালান। এ অবস্থায় ভবনের নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
স্থানীয়দের অভিযোগ, আহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে- এমন গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
রাত সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭