প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকরা বেঁচে থাকলে দেশের মানুষও ভালো থাকবে। তাই কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। তিনি বলেন, মানুষের উপকারে আসে এমন কাজই সব সময় করে এসেছে বিএনপি।
সোমবার (১৬ মার্চ) বেলা পৌনে ২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হলেও বিএনপি সরকার তাদের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সরকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে। দিনাজপুরের সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে একযোগে দেশের ৫৪টি খালে খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭