প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2026 ইং
হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির

শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের একটি বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা প্রায় ১২টার দিকে তাদের বিধাননগরের বিশেষ আদালতে তোলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে চলতি মাসের ৭ মার্চ গভীর রাতে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই দুই আসামিকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গত ১৩ মার্চ গ্রেফতার করে। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) তাকেও আদালতে হাজির করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭