প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2026 ইং
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন ।
নিহত ওই তিনজন হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং তার দুই মেয়ে মরিয়ম (৩) ও খাদিজা (৬)। তাদের মৃত্যুর খবরে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় ঈদের আনন্দ সেখানে পরিণত হয়েছে গভীর বিষাদে।
এছাড়া নিহত অন্যদের মধ্যে রয়েছেন—নোয়াখালীর সোনাইমুড়ির রাতুল চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরের সোহেল রানা, যশোরের চৌগাছার সিরাজুল ইসলাম, নোয়াখালী সদরের নজরুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর সদরের সাইয়েদা আক্তার, যশোরের চৌগাছার কোহিনুর আক্তার, ঝিনাইদহ সদরের জুয়াত বিশ্বাস, মাগুরার মহম্মদপুরের পচিয়ার রহমান এবং চাঁদপুরের কচুয়ার তাজুল ইসলাম।
এর আগে শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭