প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
ঈদ বিরতি শেষে ত্রয়োদশ সংসদের কমিটি কার্যক্রম শুরু

ঈদের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিকে আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভা হওয়ার কথা রয়েছে।
সংসদীয় সূত্রগুলো বলছে, সরকারি দলের বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়েও আলোচনা হতে পারে। এর আগে ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলো উত্থাপনের পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। ওই কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।
আগামীকাল রোববার, ২৯ মার্চ বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মুলতবি অধিবেশন আবার বসবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলবে এ অধিবেশনে। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে এবং বর্তমান অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭