প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তিনি ঠিক কখন সেখানে পৌঁছাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কাল (শনিবার) নয়াপল্টনে আসব। তোমাদের দেখতে চাই। দেখব কারা কারা আসো।’ তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলের একটি সূত্র জানিয়েছে, নয়াপল্টনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কার্যালয়ে বসে অফিস কার্যক্রম পরিচালনা করতে পারেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়েও তার মতবিনিময় হতে পারে।
তার আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বর তারেক রহমান বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। তবে সেটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে; ফলে শনিবারের এ সফরটি সরকারপ্রধান হওয়ার পর তার প্রথম নয়াপল্টন-যাত্রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭