প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
তেল না পেয়ে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইলের সদর উপজেলার তুলারামপুর এলাকায় তেল না পাওয়াকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মোটরসাইকেলে থাকা এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়কসংলগ্ন তুলারামপুর রেলব্রিজ এলাকার কাছে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তুলারামপুর এলাকার মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকচালক সুজাত মোল্যা ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেল না থাকায় স্টেশন কর্তৃপক্ষ তাকে তেল দিতে পারেনি। এ নিয়ে পাম্প ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে ট্রাকচালক নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দিয়ে সেখানে অপেক্ষা করতে থাকেন।
এরপর রাত প্রায় ২টার দিকে নাহিদ সরদার মোটরসাইকেলে তাঁর সঙ্গী জিহাদুলকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে পাম্পে অপেক্ষমাণ ট্রাকটি তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর মহাসড়কে মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান। গুরুতর আহত জিহাদুলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, অভিযুক্ত ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭