প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার খাতা থেকে আমার নাম কেটে দেয়-গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সংসদে অভিযোগ করে বলেছেন, “বীর মুক্তিযোদ্ধা হলেও তালিকা থেকে আওয়ামী লীগ সরকার আমার নাম বাদ দিয়েছে।”
তিনি মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এই অভিযোগ তুলে ধরেন। গাজী নজরুল ইসলাম বলেন, “আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদে ছিলাম। আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তও আপনার সঙ্গে সংসদে ছিলাম। এবার আমার তৃতীয়বার সংসদে আসা।”
তিনি আরও বলেন, “২০০৬ সালের পর যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, তখন আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেওয়া হয়। তখন থেকে আজ পর্যন্ত আমি এ সুবিধা থেকে বঞ্চিত আছি; বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে গৌরব, সেটাও আমি হারিয়েছি। আমার এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার।”
গাজী নজরুল ইসলাম বলেন, “আমি স্বাধীনতা যুদ্ধে মেজর জলিল সাহেবের নেতৃত্বে নবম সেক্টরে অংশগ্রহণ করেছি; সেই হারানো গৌরব আমি ফিরে পাবো কি না, সেটা জানতে চাই।” তিনি বলেন, তার প্রয়োজনীয় কাগজপত্র সব গচ্ছিত আছে এবং তা ইনশাআল্লাহ তিনি দেখাবেন।
তিনি আরও বলেন, “আমার মতো আরও অনেক মুক্তিযোদ্ধা নিগৃহীত হয়েছেন, এখানে অনেক ভাইও বললেন। সেই হারানো সম্মান আমাদের আবার ফিরিয়ে দেওয়া হবে কি না, সেটা জানতে চাই।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭