প্রিন্ট এর তারিখঃ Apr 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 1, 2026 ইং
প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা রয়েছে, তেমনি যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও সরকারের দায়িত্ব।
তিনি জানান, ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচির কারণে মূল্যস্ফীতির আশঙ্কা নেই; বরং এতে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি সচল হবে। আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবার এবং আগামী চার বছরে আরও ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভাষ্য, সরকারের লক্ষ্য হলো ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা। শিক্ষা, সামাজিক সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নেওয়া কর্মসূচিগুলো সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭