প্রিন্ট এর তারিখঃ Apr 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 2, 2026 ইং
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন করে আগামী ১৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ঠিক করেন। এর আগেও এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় কয়েক দফা পিছিয়েছে।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তফসিল ঘোষণার পরদিন, গতবছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শরীফ ওসমান বিন হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
এ ঘটনায় তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। এরপর আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭