প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেতার শুভেচ্ছা

মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে শেষ শটে গোল করে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান।
শুক্রবারের এই জয়ে ম্যাচশেষে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের খেলোয়াড়, কোচিং স্টাফ ও গ্যালারিতে উপস্থিত হাজারো প্রবাসী বাঙালি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা হাতে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, মাঠের এক পাশে হতাশায় বসে থাকতে দেখা যায় ভারতীয় তরুণ ফুটবলারদের।
টাইব্রেকারে ভারতের প্রথম শটটি দুর্বলভাবে নেন ঋষি সিং। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দিলে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ভারতের তিনটি শট জালে জড়ালেও বাংলাদেশের হয়ে মোর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠান্ডা মাথায় গোল করে দলকে লড়াইয়ে রাখেন। বাংলাদেশের চতুর্থ শটে স্যামুয়েল রাকসাম বল ক্রসবারে লাগালে উত্তেজনা বাড়ে। তবে পঞ্চম শটে ভারতের ওমাং দোদাম বল পোস্টের অনেক ওপর দিয়ে মারলে বাংলাদেশের সামনে খুলে যায় শিরোপার দুয়ার। সেই সুযোগে রোনান সুলিভান শেষ শটটি জালে জড়িয়ে বাংলাদেশকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।
নির্ধারিত সময়ের খেলায় বাংলাদেশই তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধে অন্তত দুটি ভালো সুযোগ তৈরি করে লাল-সবুজের দল। ১৩ মিনিটে রোনানের ফ্রি-কিক থেকে অধিনায়ক মিঠু চৌধুরীর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ১৯ মিনিটে মানিকের বাড়ানো বলে রোনান সুলিভান সঠিকভাবে পা ছোঁয়াতে পারলে এগিয়েও যেতে পারত বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের দৃঢ় রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
শেষ দিকে রোনান ও ডেকলান সুলিভান দুই ভাইয়ের সমন্বিত আক্রমণে ভারতীয় রক্ষণকে বেশ চাপে পড়তে হয়। ২০২২ সালে ভুবনেশ্বরে একই প্রতিপক্ষের কাছে ফাইনালে হারের বেদনা বয়ে বেড়ানো বাংলাদেশের তরুণরা এবার সেই স্মৃতির জবাব দিল মধুর প্রতিশোধে। ২০২৪ সালের শিরোপার পর এবারও সাফ অনূর্ধ্ব-২০ জিতে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল বাংলাদেশ।
ম্যাচ শেষে অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, দেশের হয়ে শিরোপা জিততে পেরে তারা গর্বিত। পুরো ম্যাচে সমর্থন দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদও জানান তিনি। অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম টুর্নামেন্টেই শিরোপা জেতা কোচ মার্ক কক্স কৃতিত্ব দিয়েছেন তার শিষ্যদের। তার ভাষায়, এই ফুটবলাররা হার মানতে জানে না, কখনো হাল ছাড়ে না এবং তারা নিজেদের পতাকার জন্য খেলে।
বাংলাদেশের এই গৌরবময় জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী মানুষকে নতুনভাবে উজ্জীবিত করবে। দেশপ্রেম ও টিম স্পিরিটে উজ্জীবিত এই সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয়ের ধারা অব্যাহত রাখা সম্ভব।
এদিকে, বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও। এক বার্তায় তিনি বলেন, তরুণ ফুটবলারদের অদম্য স্পৃহা ও নৈপুণ্য পুরো জাতির জন্য গর্বের। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের পৃষ্ঠপোষকতা ও উৎসাহ ভবিষ্যতে তরুণ খেলোয়াড়দের আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় অর্জনে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
বড়দের সাফে দীর্ঘদিন শিরোপাহীন থাকলেও বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য দেশের ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয় সেই আশাকেই আরও জোরালো করল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭