প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোকে ধাপে ধাপে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশে-বিদেশে প্রায় সবকিছুরই লাইসেন্স ব্যবস্থা রয়েছে। কিন্তু, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন, এগুলো কি আইনের আওতায় আসবে না মনে করেন? সব আস্তে-আস্তে হবে।
শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল, তা আগে চিহ্নিত করতে হবে। এরপর সে অনুযায়ী শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে। এভাবে কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমিয়ে একপর্যায়ে শতভাগ বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের মতো নয়; এখানে কাজের মাধ্যমে দীর্ঘমেয়াদি কল্যাণের সুযোগ রয়েছে। তার ভাষায়, প্রধানমন্ত্রী তাকে শিক্ষার দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে।
মন্ত্রী বলেন, সরকার যেভাবে চায়, শিক্ষা সংশ্লিষ্টদের সেভাবেই দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান সরকার কোনোভাবেই নকল চায় না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭