প্রিন্ট এর তারিখঃ Apr 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
মকবুল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড

মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার তাকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন।
শুনানিকালে আফজাল নাছেরকে এজলাসে তোলা হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান।
এর আগে গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
সেই ৬ দিনের রিমান্ড শেষে রোববার তাকে আবার আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ে ভাঙচুর ও আশপাশে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭