প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
ক্যান্সারে আক্রান্ত আরিফের জন্য তিতুমীর নাট্যদলের নাট্যপার্বণ ও বৈশাখী মেলা

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বর্ণাঢ্য নাট্যপার্বণ ও বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে তিতুমীর নাট্যদল। এ আয়োজনের মাধ্যমে আনন্দমুখর, নিরাপদ ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মানবিক সহায়তার বার্তাও ছড়িয়ে দিতে চায় সংগঠনটি।
তিতুমীর কলেজের অন্যতম নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ''তিতুমীর নাট্যদল'' । সংগঠনটির পক্ষ থেকে বর্ষবরণ আয়োজন সম্পর্কে জানানো হয় , বাংলা নববর্ষকে ঘিরে এ উৎসবে থাকবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে নাটক, নৃত্য, সংগীত, দেশীয় সংস্কৃতির উপস্থাপন এবং পুঁথিপাঠের আয়োজন থাকবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা, যেখানে তিতুমীর কলেজের তরুণ উদ্যোক্তারা নিজেদের স্টল প্রদর্শনের সুযোগ পাবেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ সবার সামনে তুলে ধরতে পারবেন বলেও জানায় সংগঠনটি । দীর্ঘদিন পর এমন একটি আয়োজন কলেজের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য আনন্দঘন মিলনমেলার সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
এ আয়োজনের সঙ্গে রয়েছে একটি মানবিক উদ্যোগও । তিতুমীর কলেজের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তার চিকিৎসা সহায়তায় তহবিল সংগ্রহ কর্মসূচি হাতে নিয়েছে তিতুমীর নাট্যদল।
তিতুমীর নাট্যদলের বর্ষবরণ আয়োজন সম্পর্কে সংগঠনটি সভাপতি ওলিউল্লাহ তুহিন জানান , বৈশাখ বাঙালির প্রাণের উৎসব , এই আয়োজন ঘিরে আমরা ক্যাম্পাসটিকে একটি মিলনমেলায় পরিণত করতে চাই৷ একইসাথে আমাদের ক্যাম্পাসের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তার এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে আমরা একটি ফান্ড সংগ্রহ কর্মসূচি হাতে নিয়েছি। এই আয়োজন শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি মানবিকতা, সংস্কৃতি ও সম্মিলিত চেতনার এক অনন্য প্রকাশ হয়ে উঠবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭