প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
সংরক্ষিত নারী আসনের ভোট কবে, জানালেন ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানান।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টাব্যাপী কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভা শেষে আখতার আহমেদ বলেন, আগামী ৯ মে অনুষ্ঠেয় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনও ১২ ফেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দিয়ে আয়োজন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে বর্তমানে ৫০টি মামলা রয়েছে বলেও জানান সিনিয়র সচিব। তিনি বলেন, এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করবে কমিশন এবং সেগুলো এক বছর পর্যন্ত সংরক্ষণে রাখা হবে।
জানা গেছে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেবে। প্রাথমিক বণ্টন অনুযায়ী বিএনপি জোট পেতে পারে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে।
আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হওয়ায় এ নির্বাচন সম্পন্নের সময়সীমা রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭