প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
গণভোটের রায় বাস্তবায়ন করবই: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ‘সুপ্রিম উইল’-এর প্রতি তারা সম্মান দেখিয়েছেন এবং দেখিয়ে যাবেন। তিনি বলেন, সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করা হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতেও জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হয়েছে। কেয়ারটেকার সরকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদে প্রতিকার না পেয়ে জনগণের কাছে ফিরে গিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করতে হয়েছিল। এবারও সংসদে ইতিবাচক বিতর্কের মাধ্যমে সমাধান চাওয়া হলেও তা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, সংসদ জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে জনগণের রায় বাস্তবায়নের জন্য আবারও জনগণের কাছেই ফিরে যেতে হচ্ছে। গত শনিবার প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল শুরু। এই আন্দোলন কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; বরং ১৮ কোটি মানুষের স্বার্থে গড়ে উঠবে।
জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তেলের পাম্পে দীর্ঘ লাইন ও মানুষের ভোগান্তির বিষয়টি সংসদে তুলতে গেলেও তা আলোচনায় আসতে দেওয়া হয় না। তিনি বলেন, চাহিদা বেড়ে গেলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনা জোরদার করা সরকারের দায়িত্ব।
জ্বালানি সংকটের কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে, এতে দেশে খাদ্য সংকট আরও বাড়তে পারে।
শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সংকট মোকাবিলার নামে শিশুদের শিক্ষাজীবনে আবারও আঘাত করা হলে তা জাতির জন্য ক্ষতিকর হবে। তিনি বলেন, করোনাকালে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল; অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, কেউ কেউ বিপথেও গেছে। তাই সব ব্যবস্থাপনা নেওয়ার পরও শিক্ষাখাতে হাত না দেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে তারা জনগণের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করবেন এবং জাতির ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে নজর রাখবেন। তিনি আরও বলেন, অন্যায়ের কাছে মাথা নত করা হবে না।
এই লড়াইয়ে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিজয় হবে এবং ফ্যাসিবাদ পরাজিত হবে। তার দাবি, যেদিন গণভোটের রায় অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই নতুনভাবে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে; সেই যাত্রা থামিয়ে দেওয়া হবে।
জাগপার মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭