প্রিন্ট এর তারিখঃ Apr 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
শেরপুর-৩ আসনে নির্বাচন আগামীকাল, ভোট গ্রহণে চলছে শেষ প্রস্তুতি

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পর্যায় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, আগামীকাল ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে সন্ধ্যার আগেই সব ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, শেরপুর-৩ আসনের ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল ঘোষণা করে ৯ এপ্রিল ভোটের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭