প্রিন্ট এর তারিখঃ Apr 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
শুক্রবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী শুক্রবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন। দুই দিনব্যাপী এ আয়োজনে রবীন্দ্রপদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।
শুক্রবার সকাল ১০টায় ‘আমি মারের সাগর পাড়ি দেব’ বোধনসংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যজন ফেরদৌসী মজুমদার।
বুধবার ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশ নেবেন। মূল অধিবেশনের আগে বৃহস্পতিবার সারা দেশ থেকে আসা প্রায় চার শতাধিক প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব। শুক্রবার সকালে প্রতিযোগিতার কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত পর্ব হওয়ার কথা রয়েছে।
বার্ষিক অধিবেশন উপলক্ষে বরাবরের মতো প্রকাশিত হচ্ছে প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’। রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে এ সংকলন প্রকাশ করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
উৎসবের দুই দিনের সান্ধ্য অধিবেশনে থাকবে গুণীজনের সুবচন, গীতিআলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। প্রথম দিনের সান্ধ্য অধিবেশনে নজরুলসংগীতের একটি বিশেষ পর্ব রাখা হয়েছে। দ্বিতীয় দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পরিষদের সভাপতি মফিদুল হকের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেবেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭