প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালেকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর আদাবর থানায় করা একটি অস্ত্র মামলায় শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় আসামি পলাতক আছেন । এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় ফয়সালকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ফয়সালকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, ফয়সাল ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারের মূল হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশের তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সালের নাম সামনে আসে। গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যে মোটরসাইকেলে করে এসে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেখানে ফয়সাল ও আলমগীর নামের আরেকজন ছিলেন। বর্তমানে পলাতক ফয়সাল ভারতে গ্রেপ্তার হয়ে দেশটির একটি কারাগারে আছেন বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭