প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিকদের রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার অভিযোগ, মানুষের অধিকার প্রতিষ্ঠা, অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া এবং সংস্কার বাস্তবায়নের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তার অনেকগুলোই ভঙ্গ করেছে। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে বারবার শ্রমজীবী মানুষই বড় ত্যাগ স্বীকার করেছেন। ১৯৪৭ থেকে ১৯৭১, এমনকি সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি পর্যায়েই শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষের অবদান ছিল সবচেয়ে বেশি। সেই বাস্তবতায় নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনীতির অন্যতম প্রধান দায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করা হয়েছিল, তা পূরণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। রাজনীতি, অর্থনীতি ও সমাজের সব স্তরে ইনসাফ প্রতিষ্ঠা না হলে শ্রমিকদের অধিকারও নিশ্চিত হবে না বলে তিনি মন্তব্য করেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গকারীদের পরিণতি কখনোই ভালো হয়নি। শ্রমিকের অধিকার, জুলাই সনদ এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। এ জন্য তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭