প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
কুষ্টিয়ায় দরবারে হামলা-অগ্নিসংযোগ, গণপিটুনিতে ‘পীর’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতার মারধরে দরবারটির প্রধান হিসেবে পরিচিত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম রেজা ফিলিপনগর এলাকার মৃত জেছের আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাতে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, শামীম রেজার একটি পুরোনো ভিডিও শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। শনিবার সকাল থেকে বিষয়টি নিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে একদল মানুষ তার দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার সময় শামীম রেজা মারধরের শিকার হন।
দৌলতপুর থানার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় হামলা পুরোপুরি ঠেকানো যায়নি। পরে আহত শামীম রেজাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে ২০২১ সালেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছিল। তবে সর্বশেষ ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়ানো অভিযোগগুলোর সত্যতা নিয়ে আনুষ্ঠানিক তদন্তের কথা জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭