প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
পরীক্ষাকেন্দ্রে ঢুকে ফেসবুক লাইভে এমপি, সমালোচনার ঝড়

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ফেসবুক লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মঙ্গলবার সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালে কঠোর নিরাপত্তা ও নির্ধারিত বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম সম্প্রচার করেন। লাইভ চলাকালে তিনি পরীক্ষার্থীদের কাছে পরীক্ষা সহজ হয়েছে কি না এবং তারা কেমন পরীক্ষা দিচ্ছে- এ ধরনের প্রশ্ন করেন।
সংশ্লিষ্টদের মতে, পরীক্ষা চলাকালে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি। কারণ, পরীক্ষাকেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে অন্য কারও প্রবেশের নিয়ম নেই। সেক্ষেত্রে সংশ্লিষ্টদেরও কেবল অ্যানালগ ডিভাইস ব্যবহার করার সুযোগ রয়েছে। কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এমনকি কেন্দ্র সচিবও ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যে আইডি থেকে লাইভ দেওয়া হয়েছে, বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজ তো আমি নিতেই পারি। তবে লাইভ দেওয়া যায় কি না, বিষয়টি আমার জানা ছিল না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭