প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম : গ্রেপ্তার ৫

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনকে (৫০) কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে র্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, আহত উপ-পরিচালককে টেন্ডার দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে হুমকি দিয়ে আসছিল একটি চক্র।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে অফিস শেষে ক্যানসার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্যানসার হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পেছনে টেন্ডারসংক্রান্ত বিরোধ ও পূর্বের হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭