প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
সংরক্ষিত আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে তাঁকে সরকারি চাকরি থেকে পদত্যাগসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইসিতে জমা দিতে হবে।
বুধবার দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলের ১৩ জন প্রার্থীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে মনিরা শারমিন ছাড়া বাকি ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি আবেদন আপাতত সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মনিরা শারমিনের জমা দেওয়া কাগজপত্রে সরকারি পে-স্কেলের উল্লেখ থাকায় তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা ওই পদে বহাল থাকার সুযোগ নেই। মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন এবং প্রায় এক বছর চাকরি করার পর ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মনিরা শারমিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা দাবি করেছেন, চাকরি স্থায়ী হওয়ার আগেই তিনি কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছিলেন। সে কারণে তিন বছরের বাধ্যবাধকতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দলটির নেতাদের ধারণা।
এদিকে, মঙ্গলবার নির্ধারিত সময়ের পরে এনসিপির পক্ষ থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭