প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করলেন শান্ত

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। তবে শতক পূর্ণ করার পর ইনিংস বড় করার চেষ্টায় ১০৫ রানে আউট হয়ে ফিরেছেন শান্ত।
২০ ইনিংস পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। সর্বশেষ ২০২৪ সালের মার্চে এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। আজ, ৪১তম ওভারের শেষ বলে জেডেন লেনক্সের শট সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। ১১৪ বলের এই ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছক্কার মার।
শতক পূর্ণ করার পর শান্ত রানের গতি বাড়াতে গিয়ে বিপদে পড়েন। ৪৩তম ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে স্ট্রেট ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার আগে ১১৯ বলে ১০৫ রানের লড়াকু ইনিংস খেলে বাংলাদেশকে একটি শক্ত সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান তিনি।
শান্ত যখন আউট হন, বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩ ওভারে ৫ উইকেটে ২২১ রান। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন তাওহিদ হৃদয় (১৬) এবং নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শেষ দিকের ওভারগুলোতে এই জুটি কতদূর যেতে পারে, তার ওপরই নির্ভর করছে কিউইদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা। ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩১ রান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭