প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
ইতিহাস গড়ে এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল নারী হকি দল। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা।
আজ জাকার্তায় অনুষ্ঠিত বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ২-১ গোলে হারায় কোচ জাহিদ হোসেনের শিষ্যরা। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। অভিজ্ঞতায় এগিয়ে থাকা হংকং চায়না ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায়।
তবে দ্রুত গোল হজম করেও ভেঙে পড়েনি বাংলাদেশ। পাল্টা আক্রমণে ১০ম মিনিটে সমতা ফেরান মিডফিল্ডার নাদিরা এমা। ডি-বক্সের ভেতর জটলা থেকে দারুণ এক হিটে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। একাধিক পেনাল্টি কর্নার থেকে সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। অবশেষে ৩৯ মিনিটে কনা আক্তারের চমৎকার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে হংকং। তবে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে ব্যবধান ধরে রাখে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স ছিল দারুণ। প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় তারা। হংকংকে হারিয়ে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭