প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
পূর্বধলায় এমপির ওপর হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনায় সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা।
রোববার (২৬ এপ্রিল) আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় বিএনপি ও ছাত্রদল।
বহিষ্কৃত নেতারা হলেন- পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এবং পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজু আহমেদকে তার পদ থেকে এবং সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এঘটনায় বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭