প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
সিদ্ধিরগঞ্জ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও শর্টগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৪ সালের গণ-অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন ঝোপঝাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে র্যাব-১১ সদর কোম্পানির একটি দল সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকায় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথে অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে মোড়ক খুলে পাওয়া যায় একটি ৭ পয়েন্ট ৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ।
র্যাব দাবি করছে, উদ্ধার হওয়া অস্ত্রটি ২৪ সালের গণ-অভ্যুত্থানে থানা থেকে লুট করা হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭