প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবির করলে তাকেও জড়িত ধরা হবে: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ- ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গত দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জনসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তদবিরে কাউকে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে, তিনিও ওই চক্রের সঙ্গে জড়িত।তিনি জানান, অভিযানে চাঁদাবাজির বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি ছিনতাইসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে বহু ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা হয়েছে।
মো. সরওয়ার বলেন, বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের সরাসরি তৎপরতা নেই। তবে কিছু ব্যক্তি মাঝারি পর্যায়ের সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে সমন্বিত বাহিনী কাজ করছে। চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেইড চালিয়ে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। আট বিভাগের ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন এবং মোবাইল কোর্ট চলমান আছে।
ডিএমপি কমিশনার জানান, অনলাইন প্রতারণা রোধেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বাজার ও জনবহুল স্থানে পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মোহাম্মদপুরে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭