প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী

রিরাইট কপি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আইনের আওতায় নিশ্চিত করতে সরকার নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ছিল-‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।
তথ্যমন্ত্রী বলেন, মানহানি মামলাসহ সাংবাদিকদের বিভিন্ন আইনি জটিলতা প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে। দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার।
তিনি জানান, পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটির মতামতের ভিত্তিতে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন করা হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম একটি বড় ও জটিল ইকোসিস্টেম। তাই সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। সব পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার কাঠামো তৈরি করা হবে।
অবাধ তথ্যপ্রবাহ ও অপতথ্য রোধের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যালগরিদমের এই সময়ে অপতথ্য মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারের লক্ষ্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা, তবে তা হতে হবে দায়িত্বশীল ও পরিচ্ছন্ন তথ্য।
সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিও জরুরি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন নোয়াব সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অ্যাটকো মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন মজুমদার এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭