প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সরকারের দ্বিমুখী অবস্থান প্রকাশ করেছেন: হাসনাত

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সরকারের দ্বিমুখী অবস্থান জাতির সামনে প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন সরকার গণভোট নিয়ে দ্বিমুখী অবস্থানে ছিল। তার দাবি, সরকার শুধু নির্বাচনের স্বার্থে তখনকার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারের এমন আচরণের কারণে শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলগুলোর ভোটাররাও নিজেদের প্রতারিত মনে করছেন। বিশেষ করে যারা সংস্কারের প্রত্যাশা করেছিলেন, তারাও এখন হতাশ।
হাসনাত বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার এখন সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। বিচার বিভাগ স্বাধীন হওয়ার কথা ছিল, আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল এবং পুলিশ সংস্কার কমিশন হওয়ার কথা ছিল। কিন্তু এসব জায়গা থেকে সরকার সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
জ্বালানি খাতের নীতিনির্ধারণ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির স্বার্থ রক্ষায় কাজ করছেন। সরকারি পদ ব্যবহার করে কেউ কেউ নীতিনির্ধারণে ব্যক্তিগত বা করপোরেট এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সব দেশে পড়েনি। কারণ অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর হয়েছে। কিন্তু বাংলাদেশ গত ১০ থেকে ১৫ বছরে নবায়নযোগ্য জ্বালানির জন্য নতুন কোনো বড় ধরনের দেশীয় উৎস তৈরি করতে পারেনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭