প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
আটকের ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল কাইয়ুম

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম আটকের প্রায় ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। পরে নানা নাটকীয়তা শেষে দিবাগত রাত ১২টার দিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরে তাকে স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে রোববার দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা-কর্মীরা কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক ও তার অনুসারীরাও বিক্ষোভ করেন। এতে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭