প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানিকৃত পণ্য চালান প্রবেশ, খালাস প্রক্রিয়া এবং বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বন্দর কর্তৃপক্ষ।
সোমবার সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, বন্দরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করা হচ্ছে।
তিনি জানান, আমদানি-রপ্তানি পণ্য বন্দরে প্রবেশ থেকে খালাস পর্যন্ত প্রতিটি ধাপ কাস্টমস, বিজিবি, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়ায় কঠোর নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
বন্দর পরিচালক আরও বলেন, রিলিজ অর্ডার কম্পিউটারাইজড হওয়ায় বন্দরের কার্যক্রম এখন আগের তুলনায় সহজ ও দ্রুত হয়েছে। এতে পণ্য খালাস প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বেড়েছে।
সংবাদ সম্মেলনে বন্দর উপপরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বন্দরের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে বন্দর কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭