প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে তিন মাস সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওরাঞ্চলের ভূমি অত্যন্ত উর্বর। এখানে উৎপাদিত ধান দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। হাওর বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার। তাই বর্তমান সরকার হাওরবাসীর পাশে আছে এবং তাদের কল্যাণে সরকার সম্ভব সবকিছু করবে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের সহায়তা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী তিন মাস কৃষক পরিবারকে সহায়তা দেওয়া হবে। এরপরও এই কর্মসূচি কীভাবে চালিয়ে রাখা যায়, সে বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করবে।
তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন এবং সময়মতো সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। এ জন্য তালিকা তৈরিতে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশীদ ইয়াসীন বলেন, হাওরাঞ্চলের কৃষকের ফসল রক্ষায় সমন্বিত হাওর ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণ করা হবে। পরিকল্পিতভাবে হাওর খনন, স্লুইসগেট নির্মাণ এবং পানিতে ধান কাটার উপযোগী হারভেস্টার কৃষকদের দেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা, সার এবং কৃষিঋণ দেওয়া হবে, যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর বলেন, হাওরাঞ্চলের ইকোসিস্টেম রক্ষা করতে হবে। প্রতিবছর যেন এমন দুর্যোগের মুখোমুখি হতে না হয়, সে জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তার বলেন, হাওরাঞ্চলের কৃষকের উন্নয়ন এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করবে।
সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় কলিমউদ্দিন আহমেদ মিলন এমপি, নুরুল ইসলাম এমপি, কামরুজ্জামান কামরুল এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।
মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭