প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
শাপলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে।
মঙ্গলবার ৫ মে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন নির্মম দমন-পীড়নের শিকার হয়েছিল এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল শাপলা চত্বর। সেই রাতের স্মৃতি এখনো জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে। এই অধ্যায় ভুলে যাওয়ার নয়, বরং এটি জাতিকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ৫ মে তিনি গাবতলী পয়েন্টে দায়িত্বে ছিলেন। পরে শাপলা চত্বরে জমায়েতের ঘোষণায় মিছিল নিয়ে সেখানে যান। তার ভাষ্যে, ঢাকা অবরোধের বিভিন্ন পয়েন্ট থেকে লাখো মানুষ শাপলা চত্বরে এসে মিলিত হয়।
তিনি বলেন , ওই দিন রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা ও বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়। পরে রাত ২টার পর হঠাৎ ব্ল্যাকআউট করে চারদিক থেকে অভিযান শুরু হয়।
মামুনুল হক বলেন, দীর্ঘদিন এই ঘটনায় নিহতদের নিয়ে প্রামাণ্য কাজ করা সম্ভব হয়নি। সময় ও পরিস্থিতি প্রতিকূল ছিল। তবে ২০২৪ সালের পর নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদের মাধ্যমে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।
তিনি জানান, নিহতদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলছে। তাদের স্মৃতি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের পাশাপাশি খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস, ছাত্রশিবির, ছাত্র জমিয়ত, ইনকিলাব মঞ্চ, ডাকসু, চাকসু, রাকসু ও এনসিপিসহ বিভিন্ন সংগঠন শাপলা চত্বরের ঘটনা স্মরণে কর্মসূচি নিয়েছে। এ উদ্যোগকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত উল্লেখ করে মামুনুল হক বলেন, সম্মিলিত প্রচেষ্টাই জাতীয় দায়বোধকে জাগ্রত করবে। ইতিহাসের এই ঋণ সবাইকে শোধ করতে হবে। তবে জাতীয় স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিত না হলে দায় পূর্ণ হবে না।
তিনি আরও বলেন, শাপলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের অঙ্গীকার। নিহতদের রক্তের মর্যাদা রক্ষা করা দায়িত্ব। সত্য প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের সংগ্রাম চলমান থাকবে। যতদিন বিচার না হবে, ততদিন এই দাবি থামবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭