প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চান ডা. শফিকুর রহমান

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। ডা. শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।
তিনি শাপলা চত্বরের ঘটনাকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭