প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
বায়ার্নকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বুধবার (৬ মে) রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথম লেগে প্যারিসে ৫-৪ ব্যবধানে জিতেছিল পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।
আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি।
ম্যাচে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। খিচা কাভারাতসেখেলিয়ার দারুণ ড্রিবলিং ও নিখুঁত কাটব্যাক থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি।
এই অ্যাসিস্টের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়েছেন কাভারাতসেখেলিয়া। নকআউট পর্বে টানা সাত ম্যাচে গোল বা অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। চলতি মৌসুমে তাঁর গোল ও অ্যাসিস্টের সংখ্যা এখন ১০ ও ৬, যা কিলিয়ান এমবাপ্পের সমান।
বায়ার্ন মিউনিখ পুরো ম্যাচে লড়াই চালালেও শেষ মুহূর্তে হ্যারি কেইনের একটি সান্ত্বনাসূচক গোল ছাড়া আর কোনো সাফল্য পায়নি।
ম্যাচজুড়ে ছিল নাটকীয়তা। ৩০ মিনিটের মাথায় নুনো মেন্ডেসের বিরুদ্ধে হ্যান্ডবলের আবেদন করলেও রেফারি তা নাকচ করেন। মেন্ডেসের আগে থেকেই হলুদ কার্ড থাকায় এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন বায়ার্নের খেলোয়াড়রা।
এর কিছুক্ষণ পর পিএসজির বক্সে জোয়াও নেভেসের বিরুদ্ধেও হ্যান্ডবলের আবেদন ওঠে। তবে সেটিও আমলে নেননি রেফারি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে বায়ার্নের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়।
উয়েফার নতুন ‘লিগ ফেজ’ ফরম্যাটে এবারের চ্যাম্পিয়ন্স লিগে গোলের বন্যা দেখা গেছে। পিএসজি ও বায়ার্ন যথাক্রমে ৪৩ ও ৪২ গোল করে একই মৌসুমে ৪০-এর বেশি গোল করা প্রথম দুটি দল হিসেবে রেকর্ড গড়েছে।
পিএসজি এখন রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি নিয়ে মাঠে নামবে। এর আগে রিয়াল মাদ্রিদ ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার শিরোপা জিতেছিল।
অন্য সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। এবার শিরোপা লড়াইয়ে পিএসজির সামনে বড় বাধা ইংলিশ ক্লাবটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭