প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
৬ জুন থেকে মাঠপর্যায় থেকে সেনা প্রত্যাহার শুরু

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাঠপর্যায় থেকে সেনাবাহিনীকে ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ জুন থেকে এ প্রক্রিয়া শুরু হয়ে চলতি জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রথম ধাপে দূরবর্তী জেলাগুলো থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও প্রত্যাহার সম্পন্ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, জুনের মধ্যেই মাঠপর্যায়ে থাকা সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে কমিটি পুনর্গঠন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সেনাবাহিনী প্রত্যাহারের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭