প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এ আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি এবং স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানকালে ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়।
আবেদনে আরও বলা হয়, অবৈধভাবে অর্জিত বিপুল সম্পদ গোপনের আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের মূল আয়কর নথি, স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দের জন্য আদালতের আদেশ প্রয়োজন।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭