প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়। প্রায় ৬০ বছরের রাজনৈতিক প্রথা ভেঙে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা ।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিককে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
এর মাধ্যমে ১৯৬০-এর দশকের পর প্রথমবারের মতো ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো দল তামিলনাড়ুর শাসনভার গ্রহণ করল।
বিজয়ের সঙ্গে এদিন আরও নয়জন মন্ত্রী শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিক, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে।
মন্ত্রিসভায় রয়েছেন এআইএডিএমকে থেকে বহিষ্কৃত বর্ষীয়ান নেতা কে এ সেনগোত্তাইয়ান, বিজয়ের ঘনিষ্ঠ কৌশলবিদ আধভ অর্জুন, ২৮ বছর বয়সী সর্বকনিষ্ঠ সদস্য এস কীর্তনা এবং সাবেক কর কর্মকর্তা অরুণরাজ। এ ছাড়া বিসি আনন্দ, সিটিআর নির্মল কুমার, ডেন্টিস্ট কেটি প্রভু, রাজমোহন ও পি ভেঙ্কটরামাননও মন্ত্রী হিসেবে শপথ নেন।
মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি দলটি।
ফলে সরকার গঠন ঘিরে টানা চার দিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে একাধিক বৈঠক ও রাজনৈতিক দরকষাকষি করতে হয় বিজয়কে। প্রথমে কংগ্রেস এবং পরে বাম দলগুলোর-সিপিআই ও সিপিআই-এমের সমর্থন পেলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে দুই আসন দূরে ছিল টিভিকে।
শেষ পর্যন্ত শনিবার বিকেলে ডিএমকের দীর্ঘদিনের মিত্র ভিসিকে ও আইইউএমএল সমর্থন দেওয়ায় ১২০ সদস্যের শক্তি নিয়ে সরকার গঠন নিশ্চিত করেন বিজয়।
১৯৭৪ সালে জন্ম নেওয়া বিজয়ের রুপালি পর্দায় অভিষেক হয় শিশুশিল্পী হিসেবে। ১৯৯২ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
২০২৪ সালে চলচ্চিত্র জগতকে বিদায় জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন বিজয়। অল্প সময়ের মধ্যেই তার দল টিভিকে তামিলনাড়ুর রাজনীতিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭