প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৯

লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় এক শিশুসহ একদিনে ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (৯ মে) লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি—এনএনএ জানায়, এদিন ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাকসাকিয়েহ এলাকায় এক হামলায় প্রাথমিকভাবে এক শিশুসহ সাতজন নিহত এবং তিন শিশুসহ ১৫ জন আহত হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিক হতাহতের খবর সম্পর্কে তারা অবগত রয়েছে এবং ঘটনাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সরকার ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলের অধিকাংশ হামলা দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ ছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বাহিনী একটি মোটরসাইকেলে হামলা চালায়। ওই মোটরসাইকেলে এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে ছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রথম হামলার পর তারা ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন। এরপর ইসরায়েলি ড্রোন দ্বিতীয়বার হামলা চালালে ওই বাবা নিহত হন। পরে ড্রোনটি শিশুটিকে লক্ষ্য করে তৃতীয় হামলা চালায় বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়।
গুরুতর আহত ওই শিশুকে জীবনরক্ষাকারী অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলেও জানানো হয়েছে।
এদিকে শনিবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে তাদের তিন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি নিহত হয়েছে। আর ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জনে।
অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে দক্ষিণ লেবাননে ১৭ ইসরায়েলি সেনা ও একজন সামরিক ঠিকাদার নিহত হয়েছে। এ ছাড়া উত্তর ইসরায়েলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭