প্রিন্ট এর তারিখঃ May 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার নির্দেশ হাইকোর্টের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। এ ছাড়া ৫০ মাইলের বেশি পথ চলাচলকারী ট্রেনের ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও আইনে বলা হয়েছে।
তিনি জানান, আইনের এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট আবেদন করেন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে কারণ জানতে চান।
বিচারাধীন ওই রুলে সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নারীদের জন্য আলাদা কামরা রাখার নির্দেশ দেওয়া হয়।
আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, আইনে আলাদা কামরার বিধান থাকলেও তা বাস্তবে কার্যকর হয়নি। ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতেই আদালতে এ আবেদন করা হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭