প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর আকবর শাহ থানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পাহাড়তলী থানার এসআই মাসুদুর রহমান বলেন, নিহত ব্যক্তি বিএসআরএমে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন।
তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হয়েছে।
এসআই মাসুদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অনেক তথ্যই ‘প্রপাগান্ডা’। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ঘটনাটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কাউসারকে অপহরণের পর হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭