প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় গরুর চামড়া ৬২-৬৭ টাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা। সে হিসাবে এ বছর দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা।
বুধবার (১৩ মে) কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এটিও আগের বছরের তুলনায় প্রতি বর্গফুটে ২ টাকা বেশি।
খাসি ও বকরির চামড়ার দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকায় বিক্রি হবে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছে দেওয়া হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা ও উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭