প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
সারাদেশে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে মোট ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার চাঁদপুরের শাহরাস্তিতে এক অনুষ্ঠানে তিনি জানান, মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বছর প্রথম ধাপে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে।
মন্ত্রী বলেন, একটি জেলা বাদে দেশের বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে খাল পুনঃখননের কাজ পরিচালিত হবে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, এবারের খাল খনন কর্মসূচিতে নতুন কিছু উদ্যোগ যুক্ত করা হয়েছে। খালের পাড়ে বৃক্ষরোপণ এবং খালে মাছ চাষের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, অতীতে দেশের প্রায় সব খাতেই দুর্নীতি বিস্তার লাভ করেছিল, যা রাষ্ট্র পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
সরকারের এ উদ্যোগকে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, পরিবেশ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭