প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের সামনে যেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, তার ভিত্তিতেই মানুষ ভোট দিয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব। দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার।”
পথসভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ দাবি তুললে তারেক রহমান বলেন, “ঠিক আছে। সবাই যদি এ দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।” তিনি জানান, জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে দুপুর সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন।
সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিলসহ নেতাকর্মী ও সমর্থকরা লক্ষ্মীপুর বাজার মাঠে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যে পথসভাস্থল হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। পথে বরুড়ার এ পথসভায় অংশ নেন তিনি।
পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। সফরসূচি অনুযায়ী, তিনি শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করবেন। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭