প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
ভারতের নতজানু নীতি নয়, নদী ও কৃষকের অধিকার রক্ষায় লড়াই চলবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। “যদি আপনি বলেন, সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে মানুষ খুন হচ্ছে সেই প্রশ্নের জবাব দিতে হবে,” তিনি বলেন।
শনিবার বেলা একটার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের বাহিনী বাংলাদেশের সিভিল ফরম্যাটে কাজ করে, কিন্তু আওয়ামী লীগের এই ভারতকেন্দ্রিক নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না।
তিনি রাজশাহীর কৃষি ও আমের প্রসঙ্গ তুলে বলেন, রাজশাহীর আম কেবল এ অঞ্চলের নয়, এটি পুরো বাংলাদেশের ও বিশ্বের সম্পদ। তবে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না; ২০ টাকায় বিক্রি হওয়া আম ঢাকায় ১০০ টাকায় পৌঁছায়। তিনি বলেন, “আমের কোনো সিন্ডিকেট চলবে না। কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে এবং রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।”
পানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “রাজশাহীবাসীর নদীতে পানি চাই। নদীর পানির প্রশ্নে কোনো আপোষ করা হবে না। খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। প্রয়োজনে পানির অধিকারের জন্য আবারও লং মার্চ হবে।”
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, “রাজশাহীতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার পর ভালো চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।”
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মাওলানা ভাসানীর আদর্শ অনুযায়ী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন চালানো হবে। আমাদের নীতিও তা অনুসরণ করবে।”
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রায় এক হাজারের অধিক নেতা-কর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭