প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শুভেন্দু: অলি আহমেদ

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম।
শনিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
কর্নেল অলি আহমেদ বলেন, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলে বেড়াচ্ছেন। তিনি বলেন, দেশে তার কোনো অনুসারী আছে কি না, সেটিও দেখতে হবে।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অলি আহমেদ বলেন, দলীয়করণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন পদে বসানো হচ্ছে। তিনি বলেন, “আমরা ১১ দলীয় ঐক্যের জন্য নেতা বা মন্ত্রী পদ চাইনি; আমরা চেয়েছি সংস্কার।”
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, বিদেশের দিকে তাকিয়ে না থেকে নিজেদের উৎপাদন বাড়াতে হবে। তার অভিযোগ, যাদের মন্ত্রী করা হয়েছে, তাদের অনেকেরই যোগ্যতা নেই। তারা জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।
সরকারের উদ্দেশে কর্নেল অলি বলেন, দেশের সমস্যা সমাধানে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
সমাবেশের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও গণভোটের প্রচারণায় অংশ নিয়েছিলেন। অথচ এখন বলা হচ্ছে, জনগণ গণভোট বোঝে না।
তিনি বলেন, “বিএনপি নেতারা পাগল হতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ পাগল নয়। তারা বুঝে শুনেই ভোট দিয়েছেন। তাই দ্রুত জনগণের রায় মেনে নিতে হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭